বেশি স্মার্টরাই এআই নিয়ে বেশি ভুল করে: ইলন মাস্ক

১ আগষ্ট, ২০২০ ২২:৪৩  
যারা বেশি স্মার্ট তারাই কৃত্রিমবুদ্ধিমত্তা বা এআই নিয়ে বেশি ভুল করে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারকে ইলন মাস্ক সতর্ক করে বলেছেন, যেসব স্মার্ট লোক মনে করে তাদের যন্ত্র কখনো বোকা বানাতে পারবে না তারা বোকার স্বর্গে বাস করছে। তাদের পথে আসা কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো চাতুরী থেকে সুরক্ষার প্রভাব কমাচ্ছে। তিনি আরো বলেছেন, এআই কোথায় যাচ্ছে সে সম্পর্কে আমাদের উদ্বেগ জানানো উচিত। যারা বেশি স্মার্ট তাদেরই এআই নিয়ে বেশি ভুল করতে দেখি। কারণ তারা ভাবতে পারে না, তাদের চেয়ে কম্পিউটারের বুদ্ধি বেশি হতে পারে। তাদের যুক্তির এখানেই বড় ত্রুটি। তারা নিজেদের যতটাই স্মার্ট ভাবে আসলে তারা তার চেয়ে বোকা বেশি। দীর্ঘদিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের বিপদ নিয়ে সতর্ক করে আসছেন মাস্ক। তবে বরাবরই তার বিপরীত অবস্থানে রয়েছেন ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ। এক ফেসবুক লাইভে এক ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে মার্ক বলেন, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ধ্বংসযজ্ঞের আশঙ্কা প্রকাশ করেছেন, তারা আসলে দায়িত্বজ্ঞানহীন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ নিয়ে যারা সন্দেহ পোষণ করেন তাদের উদ্দেশে মাস্কের বলেছেন, তারা নিজেদের যতটা চালাক ভাবে তারা ততটা চালাক নন। মাস্ক বলেছেন, ‘এক দশক ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদের কথা বলে যাচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ব্যাপক নিয়ন্ত্রণ ও এআই উন্নয়নের দিকে কড়া নজর রাখতে হবে। তা না হলে আপত্তিজনক বা দায়িত্বহীন প্রযুক্তির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা দিতে আমরা ব্যর্থ হব। মানব সভ্যতার অস্তিত্বের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি মৌলিক ঝুঁকি।’ মাস্কের মতে, এআই-এর কারণে চাকরির ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় আসতে পারে আর রোবট সবকিছু আমাদের চেয়ে ভালোভাবে করতে সক্ষম হবে।